বন্ধু রে মোর হাত টি ধরে চল না কোথাও দূরে,
যেথা চড়বে ধেনু, বাজবে বেণু, বাতাস ভরবে সুরে।
ঘুচিয়ে রে ভয়, সব সংশয় যেদিক পানে ধা'ব,
কোথাও নাই রে অন্ত, মোরা যেদিক পানে চা'ব।
সূর্যের ওই প্রথম কিরণ যেথায় ধরায় মেশে,
একমুঠো ধূলি অঙ্গে তুলি সাজব নতুন বেশে।
ফুলের বাগান করব রে লুট, ভাংব গাছের ডালি,
গাঁথব মালা, ভয়টা কিসের, দেখে দেখুক মালী।
রাখাল বালক সঙ্গ হবে, খেলব নানান খেলা,
খেলার শেষে ক্লান্ত হয়ে বসবে প্রাণের মেলা।
ক্ষেতের ধারে আলের উপর ওই যে কাশের বন,
একটি কাশের স্পর্শে দেহে লাগবে শিহরণ।
নদীর পাড়ে, ঘাসের প'রে আকাশ পানে চেয়ে,
কাটবে মোদের সারা বিকাল মনের কথা গেয়ে।
বুজবে যখন দিনের আলো, জ্বলবে রাতের তারা,
পড়বে ঝরে মুখের প'রে শিশির বিন্দু ধারা।
একটু নিঝুম হলেই পরে আসবে আঁখি মুদে,
তখন স্বপ্ন হয়ে রইবে রে তুই, আমার আঁখি পাতে।
#সৌমেন_আদক
রচনাকালঃ- ২১-শে শ্রাবণ, ১৪২৪
সন্ধ্যা ০৬টা ৪৮ মিনিট।
No comments:
Post a Comment