Tuesday, 8 August 2017

#কবিগুরুর প্রতি

অবিশ্রাম বাজে তব বাণী যুগ যুগ ধরি।
পূবে উদিত রবির গান,
পশ্চিমে দিনের অবসান,
তোমারি সুরে তুমি দাও যে ভরি।।
কত সাধনায়, কত কামনায়, যুগে যুগে তুমি বেজেছ,
হৃদয়ের মর্মরে জেগেছ।
নিশীথে মোর, জাগিছে ওই, তোমার আখিঁ দুটি আলো করি।।
মোর আলয়ে তুমি দেবালয়।
তুমি মুরতি তুমি প্রাণময়।।
তব শ্রীচরণে, জীবনে মরণে, পড়ে রব আমি লুটিয়া,
মোহের বাঁধন টুটিয়া।
জগত সংসার পড়িয়া রবে ওই, তোমার চরণে নত করি।।

          #সৌমেন

রচনাকালঃ- ২২-শে শ্রাবণ, ১৪২৪
দুপুর ০৩ টা, ২৫ মিনিট।

Sunday, 6 August 2017

#বন্ধু

বন্ধু রে মোর হাত টি ধরে চল না কোথাও দূরে,
যেথা চড়বে ধেনু, বাজবে বেণু, বাতাস ভরবে সুরে।
ঘুচিয়ে রে ভয়, সব সংশয় যেদিক পানে ধা'ব,
কোথাও নাই রে অন্ত, মোরা যেদিক পানে চা'ব।
সূর্যের ওই প্রথম কিরণ যেথায় ধরায় মেশে,
একমুঠো ধূলি অঙ্গে তুলি সাজব নতুন বেশে।
ফুলের বাগান করব রে লুট, ভাংব গাছের ডালি,
গাঁথব মালা, ভয়টা কিসের, দেখে দেখুক মালী।
রাখাল বালক সঙ্গ হবে, খেলব নানান খেলা,
খেলার শেষে ক্লান্ত হয়ে বসবে প্রাণের মেলা।
ক্ষেতের ধারে আলের উপর ওই যে কাশের বন,
একটি কাশের স্পর্শে দেহে লাগবে শিহরণ।
নদীর পাড়ে, ঘাসের প'রে আকাশ পানে চেয়ে,
কাটবে মোদের সারা বিকাল মনের কথা গেয়ে।
বুজবে যখন দিনের আলো, জ্বলবে রাতের তারা,
পড়বে ঝরে মুখের প'রে শিশির বিন্দু ধারা।
একটু নিঝুম হলেই পরে আসবে আঁখি মুদে,
তখন স্বপ্ন হয়ে রইবে রে তুই, আমার আঁখি পাতে।
                #সৌমেন_আদক

রচনাকালঃ- ২১-শে শ্রাবণ, ১৪২৪
সন্ধ্যা ০৬টা ৪৮ মিনিট।

Friday, 4 August 2017

#স্নেহাঞ্জলি

রে আমাদের, ভাগ্নে স্নেহের, কোথায় চলে গেলি।
আয় না ফিরে আর একটি বার, তোর সাথে খেলি।।
কত দুঃখ-কষ্ট, সইছে রে তোর সকল মামা,
আর একটি বার মোদের বুকে দে না গুটি হামা,
আর একটি বার আয় না ফিরে, মায়ের কোলে,
আছে যত রাগ অভিমান সকল ভুলে।
দেখ রে চেয়ে মায়ের মুখের পানে, নয়ন মেলি।।
                ওরে তোর মা'যে মমতা,
                 তুই মায়ের বুকের গাথা,
দেখ রে চেয়ে পাথর বুকে কাঁদছে রে তোর পিতা।
মনে পড়ে?সেই বাবার কাঁধে চেপে ঘুরতিস সকল পাড়া,
তোকে পেয়ে ও'যে সব পেয়েছিল, যে ছিল সর্বহারা।
আয় না রে তুই আর একটি বার, বাজিয়ে করতালি।।
                  জানি মিছে ডাকা, তবুও ডাকি,
                    কেমনে ওরে দিলিরে ফাঁকি,
যেমন ভোরের সূর্যদয়ে, বাসা ছেড়ে যায় পাখি।
তোর হাসিমুখ, দেখে যত সুখ, ছিলরে হৃদয় জুড়ে,
আজ সব হায়, ক্ষীণ হয়ে যায়, ছলছল আঁখি পুরে।
সকলের হতে বেদনায় ভরা নিসরে স্নেহাঞ্জলি।।

রচনাকালঃ- ১৩-ই শ্রাবণ, ১৪২৪
     রাত্রি ০৯ টা ৩৫ মিনিট।
28th July 2017